ইত্তেফাক রিপোর্ট
সারের মজুত সক্ষমতা বৃদ্ধির জন্য নির্মাণাধীন বাফার গোডাউনের নির্মাণকাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি গুদামজাত সার যাতে কোনো প্রকার অপচয় ও নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। গতকাল শনিবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আয়োজিত ব্যবস্থাপনা পরিচালক সম্মেলনের উদ্বোধনকালে শিল্প প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই সম্মেলন সভাপতিত্ব করেন বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, সারের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে বিসিআইসির অনুকূলে বরাদ্দ প্রদান করা হয় সেজন্য শিল্প মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, শিল্পকারখানাগুলোর আধুনিকায়ন ও মেরামতের পাশাপাশি পুরোনো জরাজীর্ণ কারখানায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন উচ্চ উত্পাদনশীল ও পরিবেশবান্ধব নতুন শিল্পকারখানা স্থাপনে বেসরকারি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উত্সাহিত করা হচ্ছে।