ইত্তেফাক রিপোর্ট
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯ মহাব্যবস্থাপককে গত ডিসেম্বরে প্রেষণে বদলির আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে সে আদেশ কার্যকর করা হয়নি। তাই আবারও তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়ে সম্প্রতি একটি অফিস আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আদেশে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বছরের ৯ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ৯ মহাব্যবস্থাপককে প্রেষণে বদলি করে। বদলিকৃত ৯ মহাব্যবস্থাপকের মধ্যে জনতা ব্যাংকের মাসফিউল বারী ও মো. হাবিবুর রহমান গাজীকে একই পদ তথা মহাব্যবস্থাপক পদে বাংলাদেশ কৃষি ব্যাংকে বদলি করা হয়েছে। এছাড়া জনতা ব্যাংকের মো. মাহবুবুর রহমানকে প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঠানো হয়েছে। রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আ. রহিম, মো. শওকত আলী খান ও মো. গোলাম মরতুজাকে বাংলাদেশ কৃষি ব্যাংকে পাঠানো হয়েছে। একই সঙ্গে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমানকে কর্মসংস্থান ব্যাংকে বদলি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মো. কামিল বুরহান ফিরদৌসকে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকে এবং অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলামকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পাঠানো হয়েছে।