ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের ৫৫ জন ও পঞ্চগড় জেলার ৫৫ জন মেয়ে শিক্ষার্থী শপথ নিয়েছেন পড়াশোনা শেষ না করে কেউ বিয়ে করবেন না। সমাজে তারা প্রতিষ্ঠিত হবেন। এই শপথের জন্য তাদের শিক্ষাবৃত্তি দিচ্ছেন জাপানি এক মহতী নারী হিরোকো কোবাইসি। তিনি পেশায় ফটোগ্রাফার ও ইকেবানার (ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট) শিক্ষক। এই নারী নিয়মিত এই ১১০ জন মেয়ের খোঁজ-খবর নিচ্ছেন জাপানে বসেই। তার এই কাজ বাস্তবায়ন করছে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। এ বছর কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও রায়গ্রাম ইউনিয়নের কলেজ পড়ুয়া ৩৪ জন এবং মাধ্যমিক পর্যায়ের ২১ জন মেয়ে শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পাচ্ছেন। এছাড়া পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আরো ৫৫ জন মেয়েকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে।
ক্যাথি বিশ্বাসের বাড়ি নিয়ামতপুর ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামে। পড়শোনা করছেন যশোর সরকারি এম এম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে। অসহায় ও গরিব পরিবারের সদস্য হওয়ায় পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তার পিতামাতা। গত কয়েক বছর ধরে তিনি এই শিক্ষাবৃত্তি পাচ্ছেন। ক্যাথি জানান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড থেকে যে বৃত্তি প্রদান করা হচ্ছে, এতে তার পড়াশোনায় সহায়তা হচ্ছে। কালীগঞ্জ উপজেলার পূর্ব বলরামপুর গ্রামের আরেক শিক্ষার্থী দিপা সরকার জানান, তিনি এই বৃত্তি দিয়ে শিক্ষা উপকরণ কিনে থাকেন।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী জানান, জাপানি ৮৫ বছর বয়সি নারী হিরোকো কোবাইসি একসময় খুব দরিদ্র ছিলেন। তিনি অন্যের টাকায় পড়াশোনা করেন। সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যদি কখনো তার সামর্থ্য হয়, তাহলে গরিব মেধাবী মেয়েদের পাশে দাঁড়াবেন। ২০০৩ সালে তিনি বাংলাদেশে এসে জানতে পারেন এক মেয়ে স্কুলের ফি না দিতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর তিনি সেই মেয়ের বাড়িতে যান। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডকে জানান, কালীগঞ্জের গরিব মেয়েদের বৃত্তি দেবেন। সেই থেকে ১৬ বছর ধরে তিনি এই বৃত্তি দিচ্ছেন।
জানা গেছে, একজন স্কুল পর্যায়ের মেয়ে প্রতি মাসে ৩০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৪০০ টাকা করে বৃত্তি পেয়ে থাকেন। আর এসব মেয়ে ঠিকমতো লেখাপড়া করছে কি না বা স্কুল-কলেজে যাচ্ছে কি না, তার তদারক করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের স্টাফরা। সর্বশেষ ২০১৯ সালের ৩ মার্চ জাপানি ঐ নারী বাংলাদেশ আসেন। সেই সময় কালীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত মেয়েরা তাকে সম্মাননা প্রদান করেন।