সৈয়দপুরে বিজিবি সদস্যের বিরুদ্ধে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচতো ভাই বিজিবি সদস্য আক্তারুজ্জামানের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় দুই জনকে আটক করে পুলিশ।

জানা যায়, গত ৯ নভেম্বর চাচাতো বোনকে (১৫) সঙ্গে নিয়ে বিজিবি সদস্য আক্তারুজ্জামান তার বোনের সদ্যজাত সন্তানকে দেখতে শহরে আসেন। ঐদিন রাতে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া গ্রামে বাড়ি ফেরার পথে আক্তারুজ্জামান তার চাচাতো বোনকে জোর করে ধরে নিয়ে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে ধানখেতে নিয়ে ধর্ষণ করে। এতে ঐ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতাল পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জানান, মেয়েটি অত্যন্ত মেধাবী। সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছিল।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় সংগ্রাম ও পারুল নামে দুই জনকে আটক করা হয়েছে।

রায়পুরে সহকর্মীর শিশুকন্যাকে ধর্ষণ

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, রায়পুরে সহকর্মী সুইপারের শিশুকন্যাকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক সুইপার বাবুল মিয়ার (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে বাবুল মিয়াকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। শুক্রবার পুলিশ  মেডিক্যাল টেস্টের জন্য শিশুটিকে সদর হাসপাতালে পাঠান। জানা যায়, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন ওয়াবদা কলোনিতে। অভিযুক্ত বাবুল মিয়া পৌরসভার পূর্বলাচ গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। ঘটনার পর থেকে বাবুল মিয়া পলাতক রয়েছে।

বড়াইগ্রামে কিশোরীকে ধর্ষণের চেষ্টার

অভিযোগে ফুপা আটক

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেয়েটির ফুপা বাবু প্রামাণিককে (৫০) আটক করেছে পুলিশ। শনিবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বড়াইগ্রাম থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে।