বিচারের দাবিতে বরগুনায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ

বরগুনার বেতাগীতে পূর্বশত্রুতার জের ধরে সড়িষামুড়ি ইউপি চেয়ারম্যান, জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারকে কুপিয়ে জখমের প্রতিবাদে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রেখেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকও শিপন। এদিকে উন্নত চিকিত্সা করার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়া হয়েছে।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় দ্বিখণ্ডিত হওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান পায়ের রগ। এছাড়াও তার ডান হাতও গুরুতর জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিত্সাধীন রয়েছেন।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। একই সঙ্গে টাউন হল চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রইসুল আলম রিপন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্রলীগ সভাপতি যুবায়ের আদনান অনিক প্রমুখ। এ সময় বক্তারা আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেন জানান।গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ী বাজারে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে আসার পথে এ ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা। শিপনের স্বজনদের দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ ও তার ছেলেরা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি, কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।

বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও নির্বাচনকেন্দ্রিক প্রতিপক্ষরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। সন্দেহভাজনদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। চেয়ারম্যানের চিকিত্সার জন্য তার স্বজনরা ব্যস্ত থাকার এখনো মামলা রুজু হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।