নড়াইল প্রতিনিধি
শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাওয়া সাদাত রহমান নড়াইলে পৌঁছালে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে নড়াইল প্রেসক্লাবে এসে পৌঁছালে তাকে বরণ করে নেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ প্রেসক্লাবের অন্য সদস্যবৃন্দ।
এ সময় সাদাতের সঙ্গে ছিলেন তার বাবা মো. সাখাওয়াত হোসেন, মা মোসা. মলিনা খাতুন, সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক ও সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী এবং নড়াইল ভলান্টিয়ার্স ও সাইবার টিনসের সদস্যরা। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাদাত বলেন, ‘কিশোর-কিশোরীরা যাতে ইন্টারনেটে নিরাপদ থাকতে পারে, সেজন্য কাজ করে যাব। বিশ্বে যত দিন পর্যন্ত সাইবার বুলিং বন্ধ না হয়, তত দিন কাজ চালিয়ে যাব। দেশের ৬৪ জেলায় দ্রুত কার্যক্রম শুরু করব।’