করোনা প্রতিরোধে গণসচেতনতা গড়ার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার প্রতিনিয়ত বেড়েই চলছে। মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা জরুরি। এ লক্ষ্যে গণসচেতনতা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাতে পাহাড়সম লুটপাট-দুর্নীতি বন্ধ করতে হবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে করোনা রোগীর শয্যা সংখ্যা বাড়ানোসহ চিকিত্সাসেবা, অনলাইনে চিকিত্সা পরামর্শ জোরদার করতে হবে। করোনা নমুনা পরীক্ষার সংখ্যা দৈনিক ২০ হাজারে উন্নীত করতে হবে। এছাড়া বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থের মানবিক সাহায্য অতীতের মতো লুটপাট না করে দুর্নীতিমুক্ত সদ্ব্যবহার করতে হবে। বক্তারা আরো বলেন, করোনাকালে সারা পৃথিবীতে আবারও প্রমাণিত হয়েছে করোনার মতো বিশ্ব সংকটে সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ মানবজাতিকে রক্ষা করতে পারে না। সব সংকটে বিপন্ন বিশ্বকে রক্ষা করার একমাত্র বিকল্প পথ হচ্ছে বামপন্থা তথা সমাজতন্ত্র। মানববন্ধনে সভাপতিত্ব করেন ন্যাপ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এম এ ওহাব। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ন্যাপ নেতা পরিতোষ দেবনাথ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মোস্তফা মাহমুদ, নাসিমা হক রুবি, ভরত বিশ্বাস পার্থ, মুক্তিযোদ্ধা অমল নট, সোহেল উদ্দিন তালুকদার টুটুল, মাহবুব আলম, এনামুল হক ভুঁইয়া প্রমুখ।