নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোল থেকে মেঝেতে আছড়ে ফেলে ২৬ দিনের শিশুকন্যাকে হত্যা করলেন পাষণ্ড বাবা। গতকাল শনিবার ভোরে এই নির্মম ঘটনাটি ঘটেছে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায়। ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক রয়েছেন। ছেলেসন্তানের আশা পূরণ না হওয়ার ক্ষোভে তিনি এই বর্বর কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার বাবুল হোসেনের ছেলে কামাল হোসেন দুই বছর আগে পাড়াগাঁও গ্রামের হারুন অর রশিদের মেয়ে খাদিজা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে কামাল পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। ২৬ দিন পূর্বে মীম নামে একটি কন্যাসন্তানের জন্ম দেন খাদিজা। ছেলে না হওয়ায় খাদিজার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন কামাল। ঘটনার দিন ভোরে এ নিয়ে ঝগড়ার জেরে হঠাত্ মীম কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে কোলে তুলে তাকে ঘরের মেঝেতে আছড়ে ফেলেন কামাল। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির মা খাদিজা আক্তার জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হোটেলে চাকরি করেন। ছেলেসন্তান হলে সেখানকার জনৈক এক নিঃসন্তান ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার কথা ছিল তার। কিন্তু সে স্বপ্ন পূরণ না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে হত্যা করেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘাতক বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।