রাজধানীর ধোলাইরপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ‘মূর্তি’ আখ্যা দিয়ে ‘ধৃষ্টতা’ দেখানো এবং কটূক্তিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য়ের পাদদেশে ‘এত বড় ধৃষ্টতা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনগুলো। মানববন্ধনে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বুঝতে হবে। এই পার্থক্য কাঠামোগত নয়, এটা চেতনাগত।’
কর্মসূচিতে সংহতি জানিয়ে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে তারা আমাদের অস্তিত্বে আঘাত করেছে। গর্তের ভেতর থেকে তারা আস্ফাালন করছে। আমরা বসে থাকতে পারি না। আসুন আমরা এই মৌলবাদী অপশক্তিকে রুখে দাঁড়াই।’
চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক বি এম জবলীর রহমতের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, ছাত্রলীগ নেতা সবুর খান কলিন্স, বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সভাপতি ইশতিয়াক উদ্দিন, দুর্বার একাত্তরের তানভীর আহমেদ, সংস্কৃতিকর্মী শিখা বোস প্রমুখ।