নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুককে অবশেষে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান। গতকাল তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন। জানা যায়, ২০১৯ সালের আগস্ট মাসে ওসি কামরুল ফারুক সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করেন। গত ১৬ মাস দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে জমা পড়ে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ এলাকার ভূমিদস্যুদের পক্ষ নেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। তার পক্ষপাতমূলক কাজের জন্য ভুক্তভোগীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।
প্রত্যাহারকৃত ওসি কামরুল ফারুকের বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর নরায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা রেজিয়া বেগম। তিনি উল্লেখ করেন, গত ২০ সেপ্টেম্বর স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলা চালিয়ে তার জমি দখল করে নেওয়া হয়। কিন্তু পুলিশ ঐ কাউন্সিলরের পক্ষ নেওয়ায় চার দিন থানায় ঘুরেও জমি দখলের ঘটনায় তিনি মামলা করতে পারেননি। এছাড়াও সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার একটি জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঐ কাউন্সিলর তা দখলে নিলে জমির মালিক ওসিকে জানালে তিনি কোনো পদক্ষেপ নেননি। উলটো জমির মালিককে ভূমিদস্যু আখ্যা দিয়ে থানা থেকে বের করে দেওয়ারও অভিযোগ রয়েছে। ঐ জমির মালিক পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি।