বর্ণিল রোনালদো বিবর্ণ মেসি

ইউরোপিয়ান ফুটবল

n আবারও মরিনহোয় ধরাশায়ী গার্দিওলা

 স্পোর্টস ডেস্ক

তুরিন থেকে মাদ্রিদ, দেড় হাজার কিলোমিটার দূরত্বে দুই রকম অভিজ্ঞতা হলো সময়ের সেরা দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। রোনালদোর জোড়া গোলে জুভেন্তাস যখন ২-০ গোলে হারাচ্ছে কাইয়েরিকে, বার্সা ক্যারিয়ারের ৮০০তম ম্যাচে এসে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে তখন প্রথম হারের বিস্বাদ নিয়েছেন মেসি। তার সাবেক গুরুর রাতটাও ভালো কাটেনি আদৌ। পুরোনো প্রতিদ্বন্দ্বী হোসে মরিনহোর টটেনহ্যামের কাছে ২-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

রোনালদোর গোল দুটো এসেছে ম্যাচের প্রথমার্ধেই। ৩৮ আর ৪২ মিনিটে তার করা দুই গোল অনায়াস জয়ই পাইয়ে দিয়েছে জুভেন্তাসকে।

অথচ ইতিহাস বলছিল, রাতটা হতে পারতো মেসিরও! ক্যারিয়ারের ৮০০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন লা লিগায় দ্বিতীয় ‘প্রিয় প্রতিপক্ষ’ অ্যাটলেটিকোর। যাদের বিপক্ষে সর্বশেষ হারের অভিজ্ঞতাটাও ১০ বছরের পুরোনো, দিয়েগো সিমিওনে যখন কোচই হননি অ্যাটলেটিকোর!

ওয়ান্দা মেত্রোপলিতানোয় প্রথমার্ধটা আভাস দিচ্ছিল জমজমাট এক লড়াইয়ের। কিন্তু বিরতির একটু আগে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন আর ডিফেন্ডার জেরার্ড পিকের এক ভুলে হজম করা এক গোল পানি ঢালে যে আভাসে। কোচ কোম্যান যার প্রতিক্রিয়ায় বললেন, ‘বার্সার মতো দলের এমন গোল হজম করা সাজে না মোটেও।’

এক গোলে এগিয়ে অ্যাটলেটিকো দ্বিতীয়ার্ধে ক্রমে শ্রেয়তর প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে নিজেদের, বার্সেলোনাও ম্যাচ থেকে ছিটকে গেছে একটু একটু করে। ১-০ ব্যবধানে এই জয়টিই লা লিগায় বার্সেলোনার বিপক্ষে সিমিওনের প্রথম। আর কাতালান ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যান প্রথমবারের মতো লিগে সিমিওনের অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েই হজম করলেন হার। যে অভিজ্ঞতা গার্দিওলা তো বটেই, নেই টিটো ভিলানোভা, টাটা মার্টিনো, লুইস এনরিকে, আর্নেস্তো ভালভার্দে কিংবা কিকে সেতিয়েনদের মতো সাবেক বার্সা কোচদেরও। এদিকে গার্দিওলার রাতটাও ভালো কাটেনি আদৌ। সিটির সঙ্গে চুক্তি নবায়নের একদিন পরই সন হিউং মিন ও জিওভানি লো চেলসোর লক্ষ্যভেদে মরিনহোর কাছে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ধরাশায়ী হন তিনি। কোনো এক কোচের বিরুদ্ধে এর চেয়ে বেশি হার নেই তার।