গ্রেফতার ১
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীতে অপহূত এক স্কুলছাত্রীকে রবিবার ভোররাতে উদ্ধার করেছে পুলিশ। সে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১৩)। এ সময় অভিযুক্ত অপহরণকারী আমিন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। রাজবাড়ীর পাংশা উপজেলার জলিলপাড়া গ্রামের মাসুদ শেখের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. শাহাবুদ্দিন জানান, অ্যাসাইনমেন্ট জমা দিতে ঐ ছাত্রী গত ১৯ নভেম্বর সকালে স্কুলে যায়। পথে উপজেলার লেবুতলী গ্রামের বখাটে আমিন সরদারের নেতৃত্বে তিন-চার জন তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেন।