নলডাঙ্গায় ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় শনিবার রাতে সার ব্যবসায়ী অরুণ শর্মাকে (৬৩) হত্যা করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। অরুণ শর্মা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত কালী মোহন শর্মার ছেলে। নিহতের স্ত্রী শ্যামলী শর্মা জানান, খবর পেয়ে নলডাঙ্গা বেসরকারি হাসপাতালে ছুটে যান। তার স্বামী ভালো মানুষ ছিল। কারো সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তিনি স্বামী হত্যার বিচার চান।  নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তরা লোহার রড দিয়ে অরুণ শর্মার মাথায় আঘাত করে টাকা নিয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাতে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই তিন জনকে আটক করা হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা।