দাকোপ (খুলনা) সংবাদদাতা
আগামী ২৮ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী রাস মেলা। শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবারও বনবিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা পদক্ষেপ নিয়েছে। অসাধু দর্শনার্থীরা যাতে বনে প্রবেশ করে হরিণ শিকার করতে না পারে সে ব্যাপারেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। ঢাংমারী স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আগামী ২৬ নভেম্বর থেকে পশুর নদীসহ নির্ধারিত রুটগুলোতে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি র্যাব, কোস্টগার্ড, পুলিশ, বনকর্মী ও নৌবাহিনীর টহল শুরু হবে। সুন্দরবন বাগেরহাট পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, এবার হিন্দু সম্প্রদায়ের লোক ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের লোক মেলায় যেতে পারবে না বলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়া এবার পূজা আর স্নান ছাড়া অন্য কোনো আয়োজন থাকছে না। এছাড়াও যাতে অসাধু দর্শনার্থীরা বনে প্রবেশ করে হরিণ শিকার করতে না পারে সে ব্যাপারেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গঠন করা হয়েছে প্রশাসনের ১৬টি টিম।