ইত্তেফাক রিপোর্ট
শিল্প খাতের গবেষণায় একযোগে কাজ করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এ লক্ষ্যে গতকাল ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে শিল্প ও শিক্ষা খাতের যৌথ প্রয়াসে প্রতিষ্ঠান দুইটি একসঙ্গে কাজ করবে। এছাড়াও ডিসিসিআই এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা, মেলাসহ বিভিন্ন বাণিজ্য নিয়ে আলোচনাসভার আয়োজন করবে। এ সমঝোতা স্মারক অনুযায়ী, নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ডিসিসিআই ইন্টার্নশিপের সুবিধা প্রদান করবে। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, বাংলাদেশের সমুদ্র অর্থনীতি, অটোমোবাইল এবং লাইট ইঞ্জিনিয়ারিং অত্যন্ত সম্ভাবনাময় খাত, তবে খাতগুলোর বিকাশে প্রয়োজনীয় মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালসমূহের পাঠ্যক্রম যুগোপযোগীকরণ করা প্রয়োজন। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে শিল্প খাতের প্রয়োজনীয় চাহিদাসমূহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পেশ করার জন্য ডিসিসিআইর প্রতি আহ্বান জানান।