বাসস
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাসে অগ্নিসংযোগের অপরাধীদের আড়ালকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জনগণের দাবি’। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষ থেকে অনলাইনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে ‘বকনা বাছুর’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের একথা বলেন। রাঙ্গুনিয়ার ইউএনও মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল প্রমুখ এ সময় রাঙ্গুনিয়া প্রান্তে সংযুক্ত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১২ নভেম্বর হঠাত্ করে গাড়িতে আগুন দেওয়া হলো এবং ২০১৩, ১৪, ১৫ সালে যেভাবে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছিল ঠিক একইভাবে এই ন্যক্কারজনক কাজটির পর আরেকটি ন্যক্কারজনক কাজ করা হয়েছে, সেটি হচ্ছে এটিকে অস্বীকার করা।’ ‘এই অপরাধীদের খুঁজে বের করার পর সেটা যদি বিএনপির দলীয় কেউ হয়, তাদের বিরুদ্ধে তারা দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে—সেই কথা না বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ বিএনপির ঊর্ধ্বতন নেতারা এটি নিয়ে প্রচণ্ড মিথ্যাচার করেছেন, এটিকে অস্বীকার করেছেন।’