ক্রসবার ভেঙে রেললাইনে উঠে চূর্ণবিচূর্ণ ট্রাক, চালক নিহত

প্রতিরোধক দণ্ড ভেঙে রেললাইন অতিক্রমের সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি ট্রাক। এতে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হেলপারকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়েছে। গত শনিবার রাতে খুলনা-বেনাপোল মহাসড়কের মুড়লি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ছয় ঘণ্টা খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত ট্রাকচালক আকবর আলী (৫০) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সাজ্জাদ হোসেনের ছেলে। আহত হেলপার অঙ্গন (৩৩) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে যশোরের খুলনা-বেনাপোল মহাসড়কের মুড়লি রেলক্রসিংয়ের প্রতিরোধক দণ্ড ভেঙে কয়লাবোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে প্রায় ৩০০ গজ ঠেলে নিয়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। হেলপারকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী ওয়ালিউল হক জানান, মুড়লি গেটের গেটকিপার যথাসময়ে প্রতিরোধক দণ্ড নামিয়েছিলেন। এরপর তিনি সবুজ আলো জ্বালিয়ে যাওয়ার জন্য সংকেত দেন। যেহেতু এটি মহাসড়ক; ব্যারিয়ার নামানো থাকায় অন্যান্য গাড়ি রাইট সাইডে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রাকটি রং সাইড দিয়ে ব্যারিয়ার ভেঙে লাইনের ওপর উঠে পড়ে। এই সময় ট্রাকটির স্টার্ট বন্ধ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে গেটকিপার ট্রেনের উদ্দেশে লাল আলো জ্বালিয়ে থামানোর সংকেত দেন। কিন্তু এর মধ্যে ট্রেনটি হাজারিগেট পার হয়ে যায় এবং এর গতি ছিল ৬৫ কিলোমিটারের বেশি। ফলে লোকোমাস্টার (চালক) চেষ্টা করেও ট্রেন থামিয়ে দুর্ঘটনা এড়াতে পারেননি। হার্ডব্রেক করলে ট্রেনের যাত্রীদের দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা ছিল।

এদিকে দুর্ঘটনার পর প্রায় ছয় ঘণ্টা খুলনা ও যশোরের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ ছিল। রাত সাড়ে ১২টার দিকে খুলনা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। পৌনে ২টার দিকে রেলযোগাযোগ পুনঃস্থাপিত হয়। আর দুর্ঘটনার পর খুলনা বা বেনাপোলে যাতায়াতকারী বাস-ট্রাক বিকল্প পথে যাতায়াত করছিল।

যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আয়নাল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।