চলে গেলেন বাদল রায়

সব বাঁধন ছিড়ে চলে গেলেন ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ সাবেক তারকা ফুটবলার বাদল রায় (৬৩)। গতকাল রবিবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

লিভার ক্যানসারে আক্রান্ত বাদল রায় রাজধানীর ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতলে চিকিত্সাধীন ছিলেন। সেখানেই বিকালে সাড়ে পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ফুটবলার। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল প্রাঙ্গণে ছুটে আসেন ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের ছড়িয়ে ছিটিয়ে থাকা তার শুভাকাঙ্ক্ষীরা।

২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে জীবন সংকটে পড়েন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডানের সাবেক এই অধিনায়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদল রায়কে চিকিত্সার জন্য সিঙ্গাপুর পাঠিয়েছিলেন। সেখানে উন্নত চিকিত্সা নিয়ে দেশে ফেরেন তিনি। এরপরও মাঝেমধ্যেই সিঙ্গাপুর ও ভারতে যাওয়া আসা করতেন চিকিত্সার জন্য।

গত ১৩ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। চিকিত্সকের পরামর্শে ওয়ারীর বাসায় থেকেই চিকিত্সা করে করোনামুক্ত হন। গত ৫ নভেম্বর হঠাত্ অসুস্থ হয়ে পড়লে বাদল রায়কে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। এরপর স্কয়ার হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সার পর গত শনিবার বাংলাদেশ মেডিক্যালে ভর্তি করা হয় বাদল রায়কে।

রাতেই ওয়ারীর বাসায় নিয়ে যাওয়া হয় বাদল রায়ের মরদেহ। আজ রবিবার বেলা ১১টায় বাদল রায়ের মরদেহ প্রথমে মোহামেডান ক্লাবে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে।

১৯৮২ সালে ভারতের দুর্গাপুরে অনুষ্ঠিত আশীষ-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো শিরোপা জয়। যার নেতৃত্বে ছিলেন বাদল রায়। নেপালে ৯৯ সাফ গেমস ফুটবলে সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়ে এনেছিলেন বাদল রায়। বুদ্ধিদীপ্ত এই ফরোয়ার্ড ১৯৫৭ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন।

দাউদকান্দিতে শোকের ছায়া

তার মৃত্যু সংবাদে দাউদকান্দির রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দাউদকান্দির সর্বস্তরের মানুষের পাশাপাশি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

জেপি সাধারণ সম্পাদকের শোক

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আমি তার আত্মার শান্তি কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

এছাড়াও শোক জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, মোহামেডান, আবাহনী, বিসিবি, হ্যান্ডবল, দাবা, আর্চারী ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা, সম্মিলিত ক্রীড়া পরিবার, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি।