শেরপুরে বাসচাপায় শিশুসহ তিন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
শেরপুর (বগুড়া) :শেরপুরে বাসচাপায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুণ্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার শিশুছেলে মো. শাহ সুলতান (৯), পাশের সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামের ইছাহাক আলীর ছেলে আল আমিন (২৮) ও একই গ্রামের আলহাজ মোল্লার ছেলে আব্দুল হাই (৬০)। আহত তিন জনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
ধামরাই (ঢাকা) :ধামরাইয়ে পাটুরিয়াগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং আরেক জন গুরুতর আহত হন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কে কালামপুর বিসিক ব্রিজের পশ্চিম পাশে কেআরএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবিতা সরকার ধামরাই উপজেলার গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী।
গাংনী (মেহেরপুর) :গাংনী-কাথুলী সড়কের চৌগাছা পশ্চিমপাড়া গ্রামে পাখী ভ্যানের ধাক্কায় হুজাইফা খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। হুজাইফা চৌগাছা পশ্চিমপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। গতকাল গাংনী-কাথুলী সড়কের চৌগাছা পশ্চিমপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নরসিংদী : শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী আলী হোসেন (২০) নিহত হয়েছেন। গতকাল উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের কুমরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামের নূরুল হকের ছেলে।