২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

স্থানীয় সরকারের ২৫টি পৌরসভায় প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। আগারগাঁয়ের নির্বাচন ভবনে গতকাল রবিবার এ নির্বাচনের তপশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি জানান, এগুলোতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। তিনি আরো জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ইলেকট্রনিক ভোটিং মেশিনের  (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

যে ২৫ পৌরসভায় ভোটগ্রহণ : পঞ্চগড় সদর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের সদর, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর, খুলনার চালনা, বরগুনার বেতাগী,পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও,  নেত্রকোনার মদন, মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড। এসব নির্বাচনে সংশ্লিষ্ট জেলা বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।  শুধু কুষ্টিয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা না থাকায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং আপিল কর্তৃপক্ষ হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।

দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের মাধ্যমে পৌরসভা সাধারণ নির্বাচন শুরু হলো। ধাপে ধাপে বাকি নির্বাচন হবে। এর মধ্যে ২৮৬টি পৌরসভা নির্বাচন উপযোগী। এর মধ্যে কোনোটি অনুপযোগী হতে পারে, আবার অনুপযোগী থেকে উপযোগী হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে চারটি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ। এবার পৌরসভায় মেয়র পদে দলীয় এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।

ইভিএমে একই বাটন চেপে অনেককে ভোট দিতে হবে। এতে করোনা ছড়ানোর কোনো আশঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ভোট দেওয়ার আগে ও পরে হাত সেনিটাইজ করতে হবে। আর ধারণা তো ধারণাই।