আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উত্সব

‘পর্যটনের উন্নয়নে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

পদক্ষেপ বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উত্সব’-এর দ্বিতীয় দিনের আলোচনায় বক্তারা বলেছেন, পর্যটন খাতে অপার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এরই মধ্যে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রয়োজন সম্মিলিত সমন্বিত উদ্যোগ। এ খাতে সরকার ও বেসরকারি খাতকে একযোগে এগিয়ে যেতে হবে। তা হলেই কাঙ্ক্ষিত সাফল্য আসবে।

গতকাল রবিবার হোটেল পূর্বাণীর দিলকুশা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও উত্সবের যুগ্ম-আহ্বায়ক কবি শ্যামসুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ, টোয়াকের সভাপতি তোফায়েল  আহমেদ, কবি আসলাম সানী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।