ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার বান্দুরা পিত্তিতলা থেকে জনতার সহায়তায় তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে মিঠুন নামে এক ছিনতাইকারী ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনায় দুপুরে মাছ ব্যবসায়ী গোসাই মালো ও অটোগাড়ির ড্রাইভারের বাবা বাদশা মিয়া বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আটকৃতরা হলো, ইমন হোসেন ইমু (২৮) মো. মোশারফ হোসেন (২৫) মো. হেলাল (২৮) তাদের সঙ্গে থাকা ছিনতাইকারী নবাবগঞ্জের মিঠুন (৩০) চার খারি মাছসহ অটোগাড়ি ছিনতাই করে পালিয়ে যায়।
গোসাই মালো বলেন, অটোগাড়িতে রবিবার ভোরে উপজেলার হাগ্রাদী থেকে খারিতে মাছ নিয়ে নবাবগঞ্জ বাজারের দিকে আসার পথে বান্দুরা পিত্তিতলায় রাস্তায় চার-পাঁচ দুষ্কৃতকারী গতিরোধ করে রামদা, রড এবং শাবল দিয়ে আমাকে ও গাড়ির ড্রাইভারকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় বান্দুরা থেকে আসা আরেকটি অটোগাড়িতেও হামলা চালানো হয়। চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে পালানোর সময় এক অটোগাড়িসহ তিন ছিনতাইকারীকে আটক করে জনতা। গণপিটুনি দিয়ে পরে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, আটককৃত তিন ছিনতাইকারীকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।