মাগুরায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

মাগুরায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে (৪৪) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পাঁচ জনকে আসামি করে গতকাল রবিবার বিকালে থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ঐ নারী।

এ বিষয়ে ঐ নারীর স্বামী জানান, তাদের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি ও তার স্ত্রী ধান মৌসুমে বিভিন্ন গ্রামে গিয়ে ঘোড়ার গাড়ির মাধ্যমে মাঠের ধান সংগ্রহ করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন। বিনিময়ে কৃষকেরা যে ধান দেন, তাই দিয়ে জীবিকা নির্বাহ করেন। এ কাজেরই ধারাবাহিকতায় ২০ দিন আগে মাগুরার সদর উপজেলার জাগলা গ্রামে আসেন। থাকার জায়গা না পাওয়ায় জাগলা এলাকার মাঠে পলিথিনের তাঁবু খাটিয়ে বসবাস করছিলেন তারা। শনিবার রাতে অপরিচিত পাঁচ জনের একটি সংঘবদ্ধ চক্র ধারালো অস্ত্র নিয়ে তাদের তাঁবুতে ঢুকে পড়ে। পরে ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে পার্শ্ববর্তী একটি পুকুরের পাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষকেরা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে চিত্কার শুনে এলাকার লোকজন সেখানে এসে তাদের উদ্ধার করে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ধর্ষণ মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে  অভিযান চলছে।