ভুয়া ভাউচার দেখিয়ে জাহাজের তেল খরচ বাবদ অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিআইডব্লিউটিএর বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ পেয়ে গতকাল রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম সেখানে এ অভিযান চালায়। অভিযানকালে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
দুদক জানায়, দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএর (নৌ-সংরক্ষণ ও পরিচালন কর্তৃপক্ষ) দপ্তর পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখে যে, দুর্ঘটনার পর উদ্ধার হওয়া জাহাজের ভুয়া ভাউচার তৈরি করে তেল খরচ বাবদ অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে আভিযানিক দল।
এছাড়া দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল রবিবার সারা দেশে আরো ১৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে এনফোর্সমেন্ট ইউনিট হতে জেলা প্রশাসক, দুটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ১১টি অন্যান্য দপ্তরে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।