টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে সাঁতার কেটে ইয়াবার চালান আনার সময়  ৬০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৭টায় টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে ইয়াবার একটি বড় ধরনের চালান এনে মওজুদের সংবাদ পেয়ে নাফনদীর জইল্যার দ্বীপে অভিযানে যায়। তখন বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে একটি ইয়াবার বস্তাসহ উখিয়া কুতুপালং ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-এ/৯ এর ২৮৮৫৭৫নং শেডের বাসিন্দা মো. রফিক এর পুত্র মো. জোবায়েরকে (৩২) আটক করে। সে আটক হওয়ার পূর্বে মিয়ানমার হতে মাদকের চালান নিয়ে নাফ নদীতে সাঁতার কেটে এই দ্বীপে অবস্থান নেয় বলে স্বীকার করেন। 

আরো পড়ুন: রংপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের এক বছর কারাদণ্ড

টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম