লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার চাকফিরানী দক্ষিণের ঘোনা বোইন্না বিল নামক স্থানে ধানখেতের পাশে রবিবার রাতের কোন এক সময়ে এক বন্যহাতি মারা গেছে বলে সংবাদ পাওয়া গেছে। বিষয়টি উক্ত এলাকার ইউপি সদস্য মো. রফিক উদ্দিন দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছেন। 

সোমবার সকালে স্থানীয়রা উক্ত এলাকায় ধান ক্ষেতের পাশে মৃত হাতিটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

স্থানীয়রা জানান, কৃষকরা বন্যশুকর থেকে ফসল রক্ষার জন্য বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করে। আগেও উক্ত এলাকায় বৈদ্যুতিক তারে মা ও বাচ্চাসহ ২টি বন্যহাতি মারা গেছে। এলাকাবাসীরা বলছেন বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতিটির মৃত্যু হয়েছে। 

এ ব্যাপারে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মো. মনজুরুল আলম জানান, বন্যহাতির মারা যাওয়ার খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি মারা যাওয়ার খোঁজখবর নেন। ময়নাতদন্তের পর জানা যাবে হাতিটি কিভাবে মারা গেল। তবে এলাকার লোকজন বলছেন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হাতিটি মারা গেছে। 

ইত্তেফাক/এএএম