ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিমা প্রতিষ্ঠান

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার দর বৃদ্ধির শীর্ষ দশের সবকটিতেই বিমা খাতের প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে।  তবে লেনদেন বাড়লেও সূচক রবিবারের তুলনায় ২৩ পয়েন্ট কমেগেছে। গতকাল দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, নিটল ইনসিওরেন্স, এক্সপ্রেস ইনসিওরেন্স, প্রভাতী ইনসিওরেন্স ফিনিক্স ইনসিওরেন্স, কর্ণফূলী ইনসিওরেন্স, কন্টিনেন্টাল ইনসিওরেন্স, গ্লোবাল ইনসিওরেন্স, রূপালী ইনসিওরেন্স, ঢাকা ইনসিওরেন্স ও প্রাইম ইনসিওরেন্স। গতকাল ডিএসইতে মোট ৩৪৪টি কোম্পানির ২২ কোটি ২ লাখ ৬৮ হাজার ৭৯৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৬২১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার। সে হিসাবে লেনদেন ১২৫ কোটি টাকার বেশি বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ২৭ পয়েন্ট কমে ৪৮১৭ দশমিক ৭০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৬৬৯ দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১১০৭ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে টাকার অঙ্কে প্রধান ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ইনসিওরেন্স, নিটল ইনসিওরেন্স, এশিয়া ইনসিওরেন্স, প্রভাতী ইনসিওরেন্স, ব্র্যাক ব্যাংক লি., এডিএন টেলিকম, নর্দান ইনসিওরেন্স ও পাইওনিয়ার ইনসিওরেন্স। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, কাট্টালী টেক্সটাইল, গোল্ডেন সন, স্কয়ার ফার্মা, এনভয় টেক্সটাইল, ডেল্টা স্পিনার্স, দেশ গার্মেন্টস, ইউনিয়ন ক্যাপিটাল, আমরা টেকনোলজিস, এফএএস ফাইন্যান্স ও বঙ্গজ লি.। এদিকে গতকাল অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১১ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির  দর। সিএসইতে ১৩ কোটি  টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।