লোহাগাড়ায় মৃত বন্যহাতি উদ্ধার

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার চাকফিরানী দক্ষিণের ঘোনা বোইন্না বিল নামক স্থানে ধানখেতের পাশে রবিবার রাতের কোনো একসময়ে এক বন্যহাতি মারা গেছে বলে সংবাদ পাওয়া গেছে। ঐ এলাকার ইউপি সদস্য মো. রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, বিদ্যুত্স্পৃষ্টে বন্যহাতির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মো. মনজুরুল আলম জানান, বন্যহাতি মারা যাওয়ার খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি মারা যাওয়ার খবর নেন। তার কাছে মনে হয়েছে হাতিটি বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছে। পোস্টমর্টেম করে জানা যাবে হাতিটি কীভাবে মারা গেল। তবে এলাকার লোকজন বলছেন, বিদ্যুত্স্পৃষ্টে হাতিটি মারা গেছে।