মার্কেটের ভেতরে বিদ্যুতের খুঁটি!

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধেররা তালুকদার সুপার মার্কেটের ভেতরে অবস্থিত চাঁদপুর পল্লীবিদ্যুত্ সমিতি-১-এর একটি পুরোনো বিদ্যুতের খুঁটি। সম্প্রতি খুঁটিটি তারের ভারে হেলে পড়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। করিম তালুকদার, সাবেক সেনা কর্মকর্তা ইসমাইল মোল্লাসহ একাধিক দোকানদার জানান, খুঁটিটির ব্যাপারে পল্লীবিদ্যুতের কর্মকর্তা ও চাঁদপুর পল্লীবিদ্যুত্ অফিসে একাধিকবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে চাঁদপুর পল্লীবিদ্যুত্ সমিতির (জিএম) মো. কেফায়েত উল্লাহ বলেন, আমরা পুরাতন ও ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি সংস্কারের তালিকা করছি। তারপরও লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।