মিঠাপুকুরে ধানখেত থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে নিখোঁজের তিন দিন পর ধানখেত থেকে গোলাম রাব্বি (০৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপালপুর ইউনিয়নের গোকর্ন সুলুঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের গোকর্ন গ্রামের রফিকুল ইসলামের শিশুপুত্র গোলাম রাব্বি গত শুক্রবার বিকালে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। তিন দিন পর সোমবার দুপুরে বাড়ির পাশে একটি ধানখেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুস্কৃতকারীরা শিশুটিকে হত্যার পর লাশ ধানখেতে ফেলে পালিয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।