মেদভেদেভের শিরোপাজয়

সেমিফাইনাল থেকে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের বিদায়ে এটিপি ফাইনালসের চূড়ান্ত লড়াইটা হয়ে পড়েছিল ‘তারকাশূন্য’। তবে শেষমেশ লড়াইটা হলো সমানে-সমান, তাতে ডমিনিক থিয়েমের বিপক্ষে জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপাটা ঘরে তুললেন রাশান খেলোয়াড় দানিল মেদভেদেভ। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে দানিল গড়েছেন র্যাংকিংয়ের শীর্ষ তিন তারকাকে একই টুর্নামেন্টের হারানোর কীর্তি। অথচ ম্যাচের শুরুটা ভিন্ন গল্পেরই আভাস দিচ্ছিল। শুরুর সেটে ৬-৪ গেমে জিতে পরের সেটেও টাইব্রেকে এগিয়েই ছিলেন র্যাংকিংয়ের তিনে থাকা থিয়েম। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে দানিল জয় তুলে নেন ৪-৬, ৭-৬, ৬-৪ গেমের। তাতে নিশ্চিত হয় এটিপি ফাইনালসের শিরোপা জয়। এমন কীর্তির পরও অবশ্য রাশান এই খেলোয়াড় র্যাংকিংয়ের চারে থেকেই বছর শেষ করবেন।