বাংলাদেশের অধিনায়কত্ব নিজের সুযোগ দেখছেন না মুশফিক

স্পোর্টস রিপোর্টার

টানা ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছিলেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে ওয়ানডে, টি-২০ থেকে সরে গেলেও ২০১৭ সাল পর্যন্ত টেস্টের নেতৃত্বে ছিলেন তিনি। ২০১৯ সালে বিশ্বকাপ পরবর্তী শ্রীলঙ্কা সফরেও তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু মুশফিক অধিনায়ক হতে চাননি। গতকাল মিরপুর স্টেডিয়ামে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, বাংলাদেশ দলের নেতৃত্বে নিজের সুযোগ আর দেখছেন না।

বঙ্গবন্ধু টি-২০ কাপে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিক। বিসিবি প্রেসিডেন্টস কাপে অবশ্য নাজমুল হোসেন শান্তর একাদশে খেলেছেন। তখনো নেতৃত্ব নিতে রাজি হননি তিনি। অধিনায়কত্ব থেকে দূরে থাকার বিষয়ে গতকাল বিসিবি একাডেমি মাঠে মুশফিক বলেছেন, ‘জাতীয় দল বা অন্যান্য টিমে হয় কী অনেক ইয়াং প্লেয়ার যারা আছে তারা হয়তো ভবিষ্যতের জন্য চিন্তা করা হয়। যেহেতু আমার জাতীয় দলে করার চান্স নাই আমি ফিল করি।’

এসব টুর্নামেন্ট দিয়ে তরুণদের গড়ে ওঠার সুযোগ রয়েছে বলে মনে করেন মুশফিক। গতকাল তিনি বলেছেন, ‘সেদিক থেকে মনে করি, ভালো হয় যাদের চান্স আছে ন্যাশনাল টিমে। তাদের এই টুর্নামেন্টে অভিজ্ঞতা নেওয়াটা ভালো হয়। তাদের জন্য সুযোগটা খুব ভালো হয় আমি মনে করি ইয়াং প্লেয়াররা যত দায়িত্ব নেবে তাদের দায়িত্ব বাড়বে। এখন যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজ বেসড। তারা চেয়েছেন, তাদের আমি চেষ্টা করব ব্যক্তি ও অধিনায়ক হিসেবে প্রতিদান দিতে পারব।’