এক সপ্তাহের বিশ্রামে সাইফউদ্দিন

স্পোর্টস রিপোর্টার

মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি বঙ্গবন্ধু টি-২০ কাপের শুরুতেই মিনিস্টার গ্রুপ রাজশাহীর জন্য ছিল বড় ধাক্কা। এই অলরাউন্ডারের অভাবটা দীর্ঘায়িত হচ্ছে রাজশাহী শিবিরে। বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়া সাইফউদ্দিনকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিবির মেডিক্যাল বিভাগের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

গতকাল রাজশাহী দলের ম্যানেজার হান্নান সরকার এই তথ্য জানিয়েছেন। তিন ম্যাচ সাইফউদ্দিনকে পাবে না দলটি। হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন বলে তার পায়ের স্ক্যানও করা হয়নি।  গত ২২ নভেম্বর অনুশীলনের আগে বিসিবি একাডেমি মাঠে ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে ব্যথা পান সাইফউদ্দিন। রাজশাহীর ম্যানেজার গতকাল বলেছেন, ‘তাকে সাত দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। এ সময় দলের ফিজিও এবং বিসিবির মেডিক্যাল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করবে এবং সর্বশেষ অবস্থা জানাবে। দলের ফিজিও, ট্রেনার ও বিসিবির মেডিক্যাল টিম যখন তাকে ফিট ঘোষণা করবে তারপরই সে ম্যাচ খেলবে।’