স্পোর্টস রিপোর্টার
সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সফরের সবকিছু চূড়ান্ত হওয়ার আগে বাংলাদেশের করোনা পরিস্থিতি, বিসিবির জৈব সুরক্ষা বলয় এবং নিরাপত্তা যাচাই করতে দুই সদস্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় আসবে ক্যারিবিয়ানদের দুই সদস্যের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে ৩ ডিসেম্বর তারা ফিরে যাবেন।
নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘জানুয়ারিতে আমাদের যে সিরিজটি হওয়ার কথা রয়েছে সেটিকে সামনে রেখে তারা আসবেন আমাদের করোনা পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনা এবং নিরাপত্তা দেখতে।’
সফরে টাইগারদের বিরুদ্ধে তিনটি করে টেস্ট, ওয়ানডে এবং দুটি টি-২০ খেলার কথা উইন্ডিজদের। যদিও সফরকারীদের অনুরোধে একটি টেস্ট কমে যেতে পারে।