চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদী স্বর্ণশিল্পী সমিতির দোকানপাট বন্ধ

নরসিংদী প্রতিনিধি

সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির কারণে স্বর্ণশিল্পী সমিতির আহ্বানে গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী বাজারের সব স্বর্ণের দোকানপাট বন্ধ কর্মসূচি পালন করা হয়। সমিতির সভাপতি নারায়ণ দত্ত নারু ও সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী জানান, দীর্ঘকাল যাবত্ তারা নরসিংদী শহরের বিভিন্ন দোকানে শিল্পী হিসেবে কাজ করে আসছেন। ইদানীং হঠাত্ গজিয়ে ওঠা বাংলাদেশ জুয়েলারি সমিতি নামের একটি সংগঠন ভর্তি ফি বাবদ ৩ হাজার টাকা এবং মাসিক চাঁদা ২ হাজার টাকা নির্ধারণ করে স্বর্ণশিল্পী সমিতির সদস্যদের কাছে চিঠি প্রদান করে। এতে স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা তাদের বৈধ সমিতি আছে জানিয়ে চাঁদা দিতে অস্বীকার করায় গত রবিবার রাতে স্বর্ণশিল্পী সমিতির সভাপতি নারায়ণ দত্ত নারুর স্বর্ণের দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং সমিতির সাধারণ সম্পাদকসহ অন্যান্যের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এর প্রতিবাদে গতকাল তারা বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার কর্মসূচি পালন করেন।