বানিয়াকাজী-মুক্তাগাছা সড়ক সংস্কারের আবেদন

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের একটি গ্রাম বানিয়াকাজী। এই গ্রামের এক পাশ দিয়ে চলে গেছে প্রায় ৬ ফুট প্রশস্ত অর্ধপাকা একটি রাস্তা। বানিয়াকাজী গ্রামসহ আশেপাশের আরো চারটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে। গত কয়েক বছর ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় তিন ফুট থেকে চার ফুট অন্তর অন্তর বড় খাদের সৃষ্টি হওয়ায় সাধারণ ভ্যান বা রিকশাও চলাচল করতে পারে না। শুষ্ক আবহাওয়ায় পায়ে হাঁটা গেলেও বর্ষায় রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে যায়। যার ফলে চারটি গ্রামের মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়ে থাকে। রাস্তায় সৃষ্ট খাদের কারণে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। এ অবস্থায়, প্রশাসনের কাছে জরুরিভাবে রাস্তাটি সংস্কারের আবেদন জানাই।

মো. আফসারুল আলম মামুন

বানিয়াকাজী, মুক্তাগাছা, ময়মনসিংহ