ময়নাতদন্তকারী চিকিত্সকের সাক্ষ্য
ইত্তেফাক রিপোর্ট
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। তিনি আদালতে বলেছেন, আবরারের হাত, পা, পিঠসহ প্রায় সারা শরীরেই ছিল আঘাতের চিহ্ন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গতকাল এই সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামির আইনজীবীরা। এরপর আদালতে সাক্ষ্য দেন পুলিশ সদস্য মো. দস্তগীর হোসেন। এ নিয়ে মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। পরবর্তী সময়ে সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে নিহত হন বুয়েটের ছাত্র আবরার ফাহাদ। এ মামলায় ২৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি পুলিশ।