না.গঞ্জে হকার উচ্ছেদ নিয়ে লুকোচুরি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগরীতে যানজট নিরসনে এবং ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের ‘অপারেশন ক্লিন সুইপ’ চলমান আছে। এই অভিযানের অংশ হিসেবে প্রায় প্রতিদিনই সড়কে অভিযান চালায় পুলিশ। আর প্রতিদিনই উচ্ছেদ হয়ে ভ্রাম্যমাণ খাবারের দোকান নিয়ে হকাররা আশ্রয় নেয় স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে। গতকাল বিকালে শহিদ মিনারের সামনের সড়ক থেকে পুলিশের একটি টিম হকারদের উচ্ছেদ শুরু করলে মুহূর্তেই হুলুস্থুল শুরু হয়ে যায়। ভ্রাম্যমাণ খাবারের দোকান নিয়ে হকাররা আশ্রয় নেয় শহিদ মিনার প্রাঙ্গণে। অজানা কারণে সেখান থেকে উচ্ছেদ থেকে বিরত থাকে পুলিশ। পুলিশ চলে গেলে আবার তারা ফিরে যায় আগের স্থানে ।