লালমনিরহাটে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার আরো ২

লালমনিরহাটের পাটগ্রামে গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত তিন মামলায় আরো দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় সর্বমোট ৩৮ জনকে গ্রেফতার করা হলো। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক এ খবর নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো—পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট কামাতপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক বাবলা (২৬) ও বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনারভিটা এলাকার আবুল হোসেনের ছেলে জি এম মানিক (৪৫)।

ওসি ওমর ফারুক  বলেন, অজ্ঞাতনামা আসামি বাবলা ও মানিককে গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে বুড়িমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুইটি মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর কোরআন অবমাননার গুজব তুলে জুয়েলকে হত্যার পরে গায়ে পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।