রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকালে তিনি কমিটি অনুমোদন ও স্বাক্ষর করেন বলে মহানগর আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা যায়। তবে মতামতের জন্য অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।

সূত্র জানায়, প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি থেকে কেউ বাদ পড়েননি। তবে কমিটির সহসভাপতি ও যুগ্ম সম্পাদক পদসহ কিছু পরিবর্তন এসেছে। নতুন একজন যুক্ত হয়েছেন সাংগঠনিক পদে। এর বাইরে নিচের সারির অন্যান্য পদেও রদবদল এসেছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

সূত্র মতে, সহসভাপতি পদে ঠাঁই পেয়েছেন আগের কমিটির যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা। আর যুগ্ম-সম্পাদক করা হয়েছে আগের কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুকে। এবারও সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন আজিজুল আলম বেন্টু ও আসলাম সরকার। একই পদে নতুন যুক্ত হয়েছেন আগের কমিটির উপপ্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন।

উল্লেখ্য, গত ১ মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনে দ্বিতীয়বারের মতো মহানগর আওয়ামী লীগের সভাপতি হন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক হন মো. ডাবলু সরকার। সাড়ে ছয় মাস পর গত ২০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয় বলে জানা যায়।