ঢাবির ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকদের কথা বিবেচনায় রেখে নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনে আনা হয়েছে পরিবর্তন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এসব বিষয়ে সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, সারা দেশের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুরক্ষার কথা চিন্তা করে আটটি বিভাগীয় শহর তথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। যে বিভাগের শিক্ষার্থী সেই বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনি), ৪০ নম্বরের লিখিতসহ মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর বাইরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বরের মূল্যায়ন নম্বর প্রদান করা হবে। সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ভর্তি কমিটি। সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।

এছাড়াও ২০২১-২২ শিক্ষাবর্ষে তথা আগামী বছরের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট আগের মতোই বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে ঘ ইউনিটের বিষয়ে পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় সিট কমানোর বিষয়ে কথা উঠলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ এবং ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।