অনুপ্রবেশকালে জাফলং সীমান্তে দুই নাইজেরিয়ান আটক

জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব। রবিবার গভীর রাতে সিলেট শহরতলির বটেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে তাদেরকে আটকের সময় ভুয়া ভিসাধারী একটি পাসপোর্ট, একটি বিমান টিকিট, ড্রাইভিং লাইসেন্স একটি, ৪ হাজার ৩২০ টাকার ভারতীয় রুপি, ১ হাজার ৩০০ বাংলাদেশি টাকা, দুটি মোবাইল ফোনসেট ও দুটি সিম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

এ বিষয়ে র্যাব-৯-এর অপারেশন কামান্ডার মো. কামরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, আটক দুই নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তা জিজ্ঞাসাবাদে জানা যায়নি।