যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এটা পরিষ্কার :পুতিন

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার রাশিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এমন মন্তব্য করেন। পুতিন বলেন, এই কারণে দেশটিতে চলমান সংকট তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, সমস্যা মার্কিন কর্মকর্তাদের কাছেও স্পষ্ট। তিনি বলেন, এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এখনো অভিনন্দন জানায়নি রাশিয়া। পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে স্বীকৃতি দিতে তিনি এখনো প্রস্তুত নন।

প্রশ্ন উঠছে, রাশিয়া তা হলে বাইডেনের বিজয়কে কীভাবে দেখছে? স্বভাবতই বাইডেনের বিজয়ে মস্কো একবারেই খুশি নয় বরং বাইডেনকে এক জন বার্ধক্যগ্রস্ত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে রুশ মিডিয়া। আর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পুতিনের এখনো অভিনন্দন না জানানোর কারণ হিসেবে রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভোট গণনার কার্যক্রম এখনো শেষ হয়নি। ফলে বোধগম্য কারণেই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে ক্রেমলিন। পুতিন জানিয়েছেন, বৈধ ও আইনসম্মতভাবে বিজয় নিশ্চিত হওয়ার পরই কেবল তিনি বাইডেনকে অভিনন্দন জানাতে পারেন। কিংবা প্রতিপক্ষ বাইডেনের জয় মেনে নেওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। —বিবিসি