দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় খালাস পেয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ যথানিয়মে জারি না হওয়ায় এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় তাকে খালাস দেওয়া হলো। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম গতকাল সোমবার এ রায় দেন। ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদে প্রার্থী ছিলেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘গত ১২ বছর ধরে বলে আসছি বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলার চেষ্টা হচ্ছে। একটি রাজনৈতিক বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে। সেই জায়গা থেকে আমি বলব, আজকে এ রায়ে জনগণের বিজয় হয়েছে, দেশবাসীর বিজয় হয়েছে দলমতনির্বিশেষে। আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, ‘আজকে যিনি বিচারক ছিলেন তিনি সত্ ও ন্যায়পরায়ণতার পথেই হেঁটেছেন বলে আমি মনে করি। তিনি সত্সাহস নিয়ে রায়টি দিয়েছেন।’