আলজাজিরা
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদির উপকূলীয় শহর জেদ্দায় ঐ হামলার ঘটনা ঘটে। এ ধরনের আরো হামলা চালানো হবে বলে হুতিদের মুখপাত্র সৌদিতে থাকা বিদেশি কোম্পানি ও বাসিন্দাদের সতর্ক করেছেন।
হুতিদের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ঐ সরবরাহ স্টেশনে হামলা চালানো হয়েছে। একটি স্যাটেলাইট ছবি পোস্ট করে তিনি সেটিকে নর্থ জেদ্দার বাল্ক প্লান্ট বলে দাবি করেছেন। গুগল ম্যাপেও তার ছবির মিল খুঁজে পাওয়া গেছে। হুতি বিদ্রোহীরা জেদ্দায় আরামকোর তেল স্থাপনায় হামলা চালালেও কোম্পানিটির তেল উত্পাদনকারী ও বিতরণকেন্দ্রগুলোর বেশির ভাগই সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এগুলো জেদ্দা থেকে প্রায় ৬২১ কিলোমিটার দূরে অবস্থিত।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে।