কে এই ইমন?

আনিসুল ইসলাম ইমন, বাংলাদেশের ক্রিকেটে খুব পরিচিত মুখ নয়। বঙ্গবন্ধু টি-২০ কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলে সুযোগ পেয়েছেন এই তরুণ ওপেনার। গতকাল নাজমুল শান্তর সঙ্গে ওপেনিংয়ে নেমেই নিজের খেলা প্রথম দুই বলে দুটি চার মারেন ইমন। বোলার ছিলেন মেহেদী হাসান রানা। স্ট্যাম্পড হওয়ার আগে ২৩ বলে ৩৫ রান (৫ চার, ১ ছয়) করেন। রাজশাহীর ইনিংসের শুরুতে তার মারকাটারি ব্যাটিংই সবার নজরে নিয়ে এসেছে তাকে।

নারায়ণগঞ্জের ছেলে ইমন বয়সভিত্তিক ক্রিকেটে জাতীয় পর্যায়ে বিসিবির কোনো দলে খেলেননি। ডানহাতি এই ব্যাটসম্যান ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন দুই মৌসুম। গত বছর উত্তরা স্পোর্টিংয়ের হয়ে করেছিলেন ৫ ফিফটিতে ৪২৫ রান। এবার স্থগিত হওয়া লিগে ওল্ডডিওএইচএসের হয়ে ৫৯ রান করেছিলেন।