উজানের পানি কোন পথে নামবে?

গাজীপুর জেলার পুবাইল হায়দরাবাদ খালের পাড় ঘেঁষে ভরাট করা হয়েছে নিচু ভূমি। গজারির বল্লী ও ড্রাম সেট দিয়ে ভরাট করা মাটি বর্ষায় খালে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। টঙ্গী-নরসিংদী সড়ক ও জনপথের সেতু সংলগ্ন খালের স্থানটি বর্ষার পানি প্রবাহে গুরুত্ব বহন করে। সেতু সংলগ্ন খালটির এখানেই কুনুই ভাঙা রয়েছে। খালের বাঁকে পানি ঘুরপাকের জন্য প্রয়োজন খোলামেলা জায়গা। উজানের বিস্তৃত এলাকার পানি হায়দরাবাদের খাল দিয়ে নিচে প্রবাহিত হচ্ছে। ভোগরা বাইপাস, রাসন, যুগিতলা, ঝাজর, ধীরাশ্রম, দক্ষিণ খান, হায়দরাবাদ, খাইলকুর, বনমালা, মাজুখান, মেঘডুবি ও কুদাবসহ প্রায় ২০ কিলোমিটার এলাকার ছোট বড় শতেক মৌজার পানি প্রবাহিত হয় এ খালে। টঙ্গী-ভৈরব রেল ও টঙ্গী-নরসিংদী সড়ক ও জনপথের তিনটি সেতু পাশাপাশি। খালটির দক্ষিণের ভাটির শেষ অংশে রেল ও সড়ক পথ থাকায় একমাত্র পানি প্রবাহের স্থান এটাই। বর্ষা মৌসুমে প্রচণ্ড বেগে পানি প্রবাহিত হয়। উজানের বিভিন্ন স্থানে ভরাট ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণে পানি নিষ্কাশনে ধীর গতি হচ্ছে। নিচু এলাকায় ঘরবাড়ির আশেপাশে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ বাড়ছে। চাষাবাদ ও ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনে হয় এইসব দেখার কেউ নেই!

জিয়াউল হক সরকার, পুবাইল, গাজীপুর