বাড়ছে পরিবেশ দূষণ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে কৃষিজমিতেই নির্মাণ করা হচ্ছে ইটভাটা। কোনো নিয়মনীতি না মেনেই গড়ে উঠেছে অনেক ইটভাটা। এতে কৃষিজমি বিনষ্ট ও এলাকার পরিবেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। ভাটাগুলো এবারও ইট পোড়ানোর জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। ভাটায় আগুন জ্বালানোর প্রস্তুতির বিষয়টি সোমবার সরেজমিনে দেখা গেছে। জানা গেছে, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে গড়ে উঠেছে ৫২ ইটভাটা। এসব ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। কৃষিজমি বিনষ্ট, ভাটায় কাঠ পোড়ানো, নিয়মনীতি লঙ্ঘন ও পরিবেশের ভারসাম্যহীনতার বিষয় উল্লেখ করে বিভিন্ন সময় খবর প্রকাশিত হলেও বন্ধ হয়নি এসব ইটভাটা।
লক্ষ্মীকুণ্ডার অবৈধ ইটাভাটার বিষয় নিয়ে ১৭ নভেম্বর ঈশ্বরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা ইটভাটা বন্ধের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। ঈশ্বরদী শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পদ্মা নদী তীরবর্তী লক্ষ্মীকুণ্ডায় গড়ে উঠেছে এসব ইটভাটা। লক্ষ্মীকুণ্ডার তিনটি গ্রাম কামালপুর, দাদাপুর ও বিলকেদার গ্রাম ঘুরে দেখা যায়, নিয়ম না মেনে কৃষিজমির ওপর এসব ইটভাটা নির্মাণ হয়েছে। নাম প্রকাশ না করে কয়েক জন এলাকাবাসী জানান, অধিক মুনাফার আশায় ভাটার মালিকরা কৃষিজমিতে ভাটা নির্মাণ করেছেন। ফলে চরাঞ্চলের কৃষি জমি দিনদিন কমে যাচ্ছে। ইটভাটার প্রভাবে এলাকার পরিবেশের বিপর্যয় ঘটছে।
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ বলেন, প্রথম দিকে এসব ভাটা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিলেও এখন আর নবায়ন করে না। বর্তমানে এসব ভাটার ট্রেড লাইসেন্স বা ইউনিয়ন পরিষদের কোনো ছাড়পত্র নেই বলে তিনি জানিয়েছেন।
ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ জানান, বিপুলসংখ্যক ইটভাটা গড়ে ওঠায় লক্ষ্মীকুণ্ডায় কৃষি জমির পরিমাণ কমে গেছে। ইটভাটার নিঃসারিত কালো ধোঁয়া ও ছাইয়ে আম-লিচু-কাঁঠালের বাগান এবং ফসলি জমির ওপর প্রভাব পড়বে। দূষণের প্রভাবে স্বাভাবিক জনজীবন ক্রমশ হুমকির সম্মুখীন হবে।
উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বলেন, এসব ইটভাটায় মাটি, বালি কিছুই কিনতে হচ্ছে না। কাঠ দিয়ে এতগুলো ভাটায় ইট পোড়ানোর ফলে পরিবেশ দূষণ এবং কৃষি ফসলের ওপর প্রভাব পড়ছে। সরকারকে ভ্যাট-ট্যাক্স কিছুই দেয় না ভাটার মালিকরা। তিনি আরো বলেন, অল্প কিছুদিন হলো আমি এখানে এসেছি। আমার লোকবল কম। পরিবেশ অধিদপ্তর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে মাসিক সভায় ইউএনও জানিয়েছেন।