ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মঙ্গলবার বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
মৌলভীবাজার :জেলা প্রশাসনের উদ্যোগে ২০টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১৬২টি মামলায় ২৭ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। দুপুরে শহরের কুসুমবাগ, আদালত এলাকায়, বেজবাড়ি মোড়, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে অভিযান চালানো হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনা মোকাবিলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহ্বান করা হচ্ছে।
আগৈলঝাড়া (বরিশাল) :উপজেলায় ছয় জনকে ১ হাজার ১৪০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত থানা পুলিশের সহায়তায় উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম। এসময় তিনি জানান, সকলকে মাস্ক ব্যবহারের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে।
সৈয়দপুর (নীলফামারী) :মাস্ক না পড়ায় ৪০ জনকে সাত হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁচমাথা মোড় এলাকায় ঐ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল : জেলায় পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত ৬২ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন এবং আতাউর রাব্বী এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : মাস্ক ব্যবহার না করায় এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ডাদেশসহ পাঁচ জনকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এ সময় রুবেল মিয়াকে (২১) তিন দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।