মিঠাপুকুরে রাব্বী হত্যা মামলায় গ্রেফতার ২

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে গোলাম রব্বানী (রাব্বী) নামে সাত বছরের এক শিশুকে হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহূত একটি মোবাইল, ৯টি সিম কার্ড ও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোপালপুর ইউনিয়নের গোকর্ণ গ্রামের বাদল মিয়ার ছেলে আল আমিন (১৬) এবং একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মহিদুল ইসলাম ওরফে মুশফিকুর (২৬)।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, তারা দুই জন গত শুক্রবার (২০ নভেম্বর) কৌশলে রাব্বীকে একটি বাড়িতে নিয়ে যায়। পরে রাব্বীর বাবা-মায়ের কাছে ৩০ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় ঐ দিন রাতেই রাব্বীকে হত্যার পর লাশ ধানখেতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।